জিপির নতুন চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান

২৭ এপ্রিল, ২০২০ ২২:৪১  
গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন সোলায়মান আলম। ২০১৬ সালে হেড অব মার্কেটিং হিসেবে তিনি গ্রামীণফোনে ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০১৭ সালে তিনি গ্রামীণফোনের ডিজিটাল ডিভিশনের দায়িত্ব নেন এবং গ্রামীণফোনকে একটি নতুন ডিজিটাল প্রতিষ্ঠানে পরিণত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত ১ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (২৭ এপ্রিল) গ্রামীণফোন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘প্রাতিষ্ঠানিক সক্ষমতা, নেতৃত্বের বিকাশে সোলায়মান অসামান্য অবদান রেখেছেন। এ প্রতিষ্ঠানে উদ্ভাবনের মাধ্যমে দ্রুততার সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত পদ্ধতি ও উদ্ভাবনী মানসিকতার কারণে তিনি সুপরিচিত। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি কমার্শিয়াল ভ্যালু চেইনের সব কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রমের সঙ্গেও সোলায়মান যুক্ত ছিলেন। আমি অত্যন্ত আনন্দিত এই ভেবে যে, চরম প্রতিযোগিতামূলক বাজারে কাজের নতুন ধরন, উদ্ভাবন ও দ্রুততার সঙ্গে কাজ করা, গতিশীল প্রবৃদ্ধিতে মানুষকে সম্পৃক্ত করা এবং কাজের পার্থক্য গড়ে তোলার মাধ্যমে পরিবর্তিত ডিজিটাল সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে সোলায়মান তার সক্ষমতার প্রমাণ দিয়েছেন।’